অবশেষে জামিন পেলেন লিওনেল মেসির ভারত সফরের বিতর্কিত আয়োজক শতদ্রু দত্ত। সোমবার ১০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন বিধাননগর আদালত।
শতদ্রুর আইনজীবী আদালতে যুক্তি দেন যে, মামলার তদন্তে বর্তমানে কোনো বিশেষ অগ্রগতি নেই, তাই তাকে আর পুলিশি হেফাজতে রাখার প্রয়োজন নেই। যদিও সরকারি আইনজীবী এই জামিনের তীব্র বিরোধিতা করেছিলেন, কিন্তু আদালত উভয় পক্ষের প্রশ্ন-উত্তর শেষে শতদ্রুর আবেদন গ্রহণ করেন।
এর আগে তার জামিনের আবেদন খারিজ হয়ে গেলেও, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার জামিন পেলেন তিনি। গত ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সফরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
কয়েক হাজার দর্শক চড়া মূল্যে টিকিট কিনে মাঠে উপস্থিত হলেও অভিযোগ ওঠে যে, আয়োজক এবং রাজ্যের প্রভাবশালী নেতা-মন্ত্রীদের ভিড়ে সাধারণ মানুষ মেসিকে দেখার সুযোগই পাননি। এর ফলে দর্শকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মেসি মাঠ ত্যাগ করার পরপরই উত্তেজিত জনতা গ্যালারির চেয়ার ভাঙচুর শুরু করে। সেই দিন বিমানবন্দর থেকে শতদ্রুকে গ্রেফতার করে পুলিশ।
আদালতে শুনানির সময় শতদ্রুর আইনজীবী প্রশ্ন তোলেন যে, এই মামলার অন্যান্য অভিযুক্তরা যেখানে আগেই জামিন পেয়েছেন, সেখানে শতদ্রুকে কেন আটকে রাখা হবে।
