রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী আশরাফুল হক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম।
তিনি জানান, প্রধান প্রকৌশলী আশরাফুল হক দাপ্তরিক কাজের জন্য ঘন ঘন রাজশাহী-ঢাকা যাতায়াত করছিলেন। এরইমধ্যে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। ডেঙ্গু জ্বরের লক্ষণও অনুভব করেন। এ অবস্থায় তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপরই বৃহস্পতিবার আশরাফুল হকের ডেঙ্গু আক্রান্তের বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করেছেন। তার অবস্থা গুরুতর নয়। এজন্য নিজ বাসাতেই চিকিৎসা চলছে। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তিনি। তবে প্রধান প্রকৌশলী রাজশাহীতে নাকি ঢাকায় আক্রান্ত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার রাতে ডেঙ্গু আক্রান্ত প্রকৌশলী আশরাফুল হককে বাসায় দেখতে যান রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা তার চিকিৎসার খোঁজ খবর নেন।
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ‘যুদ্ধ’ ঘোষণা:
বৃহস্পতিবার সন্ধ্যায় রাসিকের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ সভায় ডেঙ্গুর প্রতিরোধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় ঢাকা থেকে আগত ট্রেন ও বাসে মশক নিধন ওষুধ স্প্রে করা, স্কুল-কলেজ থেকে শুরু করে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, এডিস মশার বংশবিস্তার রোধে উৎসস্থল ধ্বংসে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জামিলুর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী, রাসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালকুদার, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পরিবহন মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচ
