ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১০

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২২:৫৬

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত ও ২১ জন আহত হন।

নিহতরা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ব্যাংরোল গ্রামের মোস্তফা (৪২), তার স্ত্রী মনসুরা বেগম (৩৫), একই উপজেলার সনগাঁও গ্রামের আব্দুর রহমান (৪০), লাহিড়ী হাটের সরস্বতী সাহা (৫০), মধ্য বালিয়াডাঙ্গী মিস্ত্রিপাড়া গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), টাকাহারা গ্রামের আবু সাঈদের স্ত্রী কামরুনেচ্ছা (৫০), সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মজিদ (৪২), সদর উপজেলার আখানগর ইউনিয়নের মহেষপুর কালিবাড়ী গ্রামের ক্ষিতিশ বর্মণ (৪০), বীরগঞ্জের মঙ্গলী রানী (৬৩) ও জবা রানী (৩৫) ।

আহতদের মধ্যে ১৮ জনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা জানিয়েছেন।

আরও পড়ুন: শিবগঞ্জে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করে দাফন সম্পন্ন করার জন্য প্রত্যেকে পরিবারকে দশ হাজার টাকা করে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া আহতদের চিকিৎসার জন্যও সহায়তা করা হবে।

ইত্তেফাক/কেকে