সাভারে বাসের হার্ড ব্রেকে সিটে বসা তরুণী ছিটকে পড়ে চাকায় পিষ্ট

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০০:০৪

সাভারে একটি যাত্রীবাহী বাস হঠাত্ হার্ড ব্রেক করায় বাসের গেটের কাছে সিটে বসে থাকা শিল্পী আক্তার (২২) নামে এক তরুণী ছিটকে বাইরে পড়ে গিয়ে ঐ বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় বাসচালক জাহিদ হাসানকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী আক্তার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সোনার ঘর এলাকার মৃত শাহালম মুন্সির মেয়ে। তিনি চট্টগ্রাম উত্তর হালিশহর এলাকায় অবস্থিত চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শিল্পী গতকাল সকালে মৌমিতা পরিবহনের ওই বাসযোগে রাজধানীর সায়েদাবাদ থেকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাইয়ের বাসায় যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সায়েদাবাদ থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের ঐ যাত্রীবাহী বাসটি সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে এক যাত্রী বাসটিকে থামানোর সংকেত দেয়। এ সময় চালক বাসটি থামানোর জন্য হঠাত্ হার্ড ব্রেক করে। এ সময় বাসের ভেতরে গেটের কাছের সিটে বসে থাকা শিল্পী আক্তার বাস থেকে ছিটকে নিচে পড়ে ঐ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং বাসচালক জাহিদ হাসানকে আটক করে বাসসহ থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।