গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নজরুল ইসলাম নজু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নজুর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে র্যাবের এক সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি বিদেশি একটি পিস্তল, তিনটি শটগান, এবং ২ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। নিহত নজরুল ইসলাম নজু টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মৃত মোস্তফা ফকিরের ছেলে। র্যাব-১ এর এএসপি মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের তালটিয়ায় অবস্থিত অরন্যবাস বালুর মাঠ এলাকায় ছয়-সাত জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি ছুড়লে নজরুল গুলিবিদ্ধ হন এবং অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
