লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, বর্তমান জনপ্রতিনিধিরা মানুষের ভোটে নির্বাচিত নন। পুলিশের সহযোগিতায় তারা সংসদ সদস্য হয়েছেন। ২ লাখ পুলিশ এ সরকারকে নির্বাচিত করেছে। এ কারণে এখন রাজনীতিবিদদের কোনো সম্মান নেই। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের ডেঙ্গু পরিস্থিতিতে বিদেশ থেকে ওষুধ আনার প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, তিনি মন্ত্রী থাকলে ১০ ঘণ্টার মধ্যে ওষুধ নিয়ে আসতেন। এ সময়ে প্রধানমন্ত্রীর বিদেশে থাকারও সমালোচনা করেন তিনি।
অলি আহমদ অভিযোগ করেন, জাতির পিতার সন্তান বলে যারা দাবি করেন, তাদের কাছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সম্মান নেই। অলি আহমদ জানান, আগামী ৬ আগস্ট ঢাকায় জাতীয় মঞ্চের উদ্যোগে সার্বিক বিষয়ের ওপর কর্মশালা হবে।
