সাফল্য ও গৌরবের ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে পদার্পণ করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ উপলক্ষে ‘২৫ বছরে পদার্পণ: বছরব্যাপী উদযাপনের বর্ণাঢ্য সূচনা’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে রজতজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) আশুলিয়ার ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ স্বাধীনতা সম্মেলন কেন্দ্র ও কেন্দ্রীয় মাঠে আয়োজিত উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের থিম সংয়ের সাথে একটি আকর্ষণীয় ‘ফ্ল্যাশ মব’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘রেড টু গ্রিন: ডিআইইউ জার্নি’ শীর্ষক একটি শৈল্পিক নৃত্য পরিবেশনা, যেখানে বিশ্ববিদ্যালয়ের দুই দশকের অগ্রযাত্রা ও টেকসই উন্নয়নের দর্শন ফুটিয়ে তোলা হয়।
শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আর কবীর বলেন, ‘ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষা, গবেষণা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান তার বক্তব্যে নেতৃত্বের দর্শন ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন। সমাপনী বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. মাসুম ইকবাল (পিএইচডি) রজতজয়ন্তী বছরের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা ও উন্নয়নমূলক কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের এই দীর্ঘ যাত্রার সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ স্কাউটস ডিআইইউ এয়ার রোভার স্কাউট’ গ্রুপের সদস্যদের বিভিন্ন মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করেছে। এমেরিটাস অধ্যাপক ড. এম লুৎফর রহমান বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ’ অর্জন করেন। উল্লেখ্য, দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যক্তি হিসেবে তিনি এই বিরল সম্মাননা পেলেন।
এছাড়াও ডিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ এমরান হোসেন ‘মেডাল অব মেরিট’ এবং রোভার স্কাউট লিডার ফারহানা রহমান ‘বার টু দ্য মেডাল অব মেরিট’ অর্জন করেন। পাশাপাশি গ্রুপের তিনজন রোভার স্কাউট ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।
রজতজয়ন্তীর ক্ষণগণনা উপলক্ষে আয়োজিত হয় ‘মশাল প্রজ্বলন’ কর্মসূচি। যা জ্ঞান ও আলোকিত ভবিষ্যতের প্রতীক হিসেবে প্রজ্বলিত করা হয়। এরপর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক বছর জুড়ে শিক্ষা, উদ্ভাবন ও গবেষণাধর্মী নানা সৃজনশীল কর্মসূচির মাধ্যমে এই রজতজয়ন্তী উদযাপন অব্যাহত থাকবে।
