সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:০১

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বনানী ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য মিসেস মনিমুন নাহার বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজের সক্ষমতা আবিষ্কারের সুযোগ দেয়। 

তিনি বলেন, হার-জিতকে তুচ্ছ মনে করে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে কর্মস্পৃহা ও উদ্দীপনা বাড়ে, পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতাও নিশ্চিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল ড. ই. এম. মোরশেদ আলম (অব.)। 

সকাল থেকেই বিভিন্ন রঙিন পোশাকে শিক্ষার্থীরা মাঠে উপস্থিত হয়। সুসজ্জিত প্যারেড টিমের মার্চপাস্ট এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ডিসপ্লে অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে। সাড়ে দশটায় প্রধান ও বিশেষ অতিথিদের আগমনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বক্তব্য পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ ফাউন্ডেশনের সদস্য মিসেস এনামুন নাহার ও আতিনা রশিদ। তাঁরা শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্ব গুণ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কর্নেল ড. ই. এম. মোরশেদ আলম (অব.) বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।

দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেণি ও বয়সভিত্তিক বিভিন্ন দৌড় প্রতিযোগিতা, ‘যেমন খুশি তেমন সাজো’সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্যও ছিল বিশেষ ক্রীড়া আয়োজন।

অনুষ্ঠানে সাউথ পয়েন্টের মালিবাগ, বারিধারা, উত্তরা, মিরপুর ও শ্যামপুর ক্যাম্পাসের অধ্যক্ষসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএইচপি