সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ১৪ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত হওয়ার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ছয়জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও উল্লাপাড়ায় দুইজন চিকিৎসাধীন আছেন।
এছাড়া ঢাকা থেকে জীবাণু বহন করা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ১১ জন রোগী খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ হাসপাতাল থেকে আরও ১০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন রোগীরা আশংকা মুক্ত।
এদিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে পূর্ণবয়স্ক এডিস মশা ও তার লার্ভার সন্ধান পেয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম।
আরও পড়ুন: এক রাতে দুই বাড়িতে ডাকাতি
তিনি আরও জানান, গত দুই দিনে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে পর্যাপ্ত লার্ভার সন্ধান পেয়েছেন। এছাড়া তারা পূর্ণবয়স্ক এডিস মশার সন্ধানও পেয়েছেন।
ইত্তেফাক/অনি

