ডেঙ্গু জ্বরে বরগুনায় শিশুর মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৯:৪৯

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তাওহীদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরগুনা সদর উপজেলার গৌরচিন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের ইসাহাক আলীর শিশু ছেলে তাওহীদকে গত মঙ্গলবার ডেঙ্গু রোগী হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর শুক্রবার রাতে শিশুটি মারা যায়।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান জানিয়েছেন, বরগুনায় শনিবার পর্যন্ত ৩৭ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকীদের মধ্যে ১৩ জন বরগুনা জেনারেল হাসপাতাল ও একজন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, তাওহীদের মরদেহ লাকুরতলা গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ