সরকারী চাল অবৈধভাবে বাজারজাত, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২০:৪৩

ঝালকাঠিতে খাদ্য অধিদপ্তরের সরকারী ভিজিডি ও টিআর কর্মসূচির পাঁচশ বস্তা চাল অবৈধভাবে বাজারজাত করার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পরে। গোপন তথ্যে শনিবার দুপুরে শহরের কাঠপট্টি এলাকার ব্যবসায়ী মো. সত্তার মিয়ার গুদামে এই অভিযান চালানো হয়। 

এই চাল সরকারী বস্তা থেকে বের করে ভারতীয় নূরজাহান ব্র্যান্ড চালের বস্তায় ভরার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী হাতেনাতে আটক করেন। 

এ সময় বিভিন্ন সরকারী প্রকল্পের চাল অবৈধভাবে বাজারজাত করার অপরাধে ব্যবসায়ী সত্তার মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে সত্তার মিয়া নগদ টাকা জরিমানা দিয়ে অভিযোগ থেকে অব্যাহতি পান।

আরও পড়ুন: প্রেমের জন্য ধর্মত্যাগ, অতঃপর খুনোখুনি

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মসজিদ-মন্দির ও মাদরাসায় দেওয়া সরকারের টিআর কর্মসূচির চাল কম দামে কিনে ব্যবসায়ী সত্তার মিয়া দীর্ঘদিন ধরে ভারতীয় কোম্পানির চালের বস্তায় ভরে বেশি দামে বাজারজাত করে আসছিলেন। অভিযানে তার গুদামে ৫০ কেজির পাঁচশ বস্তা খাদ্য অধিদপ্তরের চাল পাওয়া যায়। 

ইত্তেফাক/অনি