ভৈরবী গীতরঙ্গ দলের উদ্যোগে তিন দিনব্যাপী ‘গীতরঙ্গ উৎসব’

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪৪

বাংলার নিজস্ব নাট্যরীতি, গীতিনাট্য ও লোকজ সাংস্কৃতিক ধারাকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরতে ভৈরবী গীতরঙ্গ দলের উদ্যোগে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘গীতরঙ্গ উৎসব’।

উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকার বিভিন্ন ভেন্যুতে আয়োজিত এই উৎসবে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, গীতল সন্ধ্যা এবং গীতরঙ্গ পরিবেশনা।

উৎসবের প্রথম দিন ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ধানমন্ডির ভৈরবী অফিসে প্রদর্শিত হবে ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’। দ্বিতীয় দিন ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চ–২ (চিলেকোঠা)-তে অনুষ্ঠিত হবে গীতল সন্ধ্যা। উৎসবের সমাপনী দিনে ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে গীতরঙ্গ প্রযোজনা ‘সোনাই’, রচনা ও নির্দেশনায় ইলিয়াস নবী ফয়সাল।

উৎসব প্রসঙ্গে ভৈরবী গীতরঙ্গ দলের প্রতিষ্ঠাতা ও নাট্যনির্দেশক ইলিয়াস নবী ফয়সাল বলেন, ‘গীতরঙ্গ আমাদের কাছে শুধু একটি পরিবেশনা নয়, এটি বাংলার মাটির সঙ্গে শৈল্পিক ভাষা। এই উৎসবের মাধ্যমে আমরা গীতিনাট্য ও লোকজ নাট্যধারাকে নতুন প্রজন্মের কাছে নতুন করে পৌঁছে দিতে চাই। দর্শক ও শিল্পীর মধ্যে একটি জীবন্ত সংযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।’

ভৈরবী গীতরঙ্গ দল একটি অরাজনৈতিক ও অলাভজনক সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশীয় নাটক, গীতরঙ্গ ও লোকজ সংস্কৃতিচর্চার মাধ্যমে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে কাজ করে যাচ্ছে। আয়োজকদের মতে, এই উৎসব তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি এবং বিকল্প নাট্যচর্চাকে উৎসাহিত করবে।

উৎসবে অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি নেই। তবে সীমিত আসনের কারণে দর্শকদের নির্ধারিত দিন ও সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। পূর্ব নিবন্ধনের ব্যবস্থা থাকলেও আসন খালি থাকা সাপেক্ষে দর্শকরা সরাসরি উপস্থিত হয়েও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

ইত্তেফাক/এসএএস