জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে অজিদের ২২ রানের হারিয়েছে সালমান আগার দল। এই জয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ বছর পর জয়ের দেখা পেলো পাকিস্তান। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে জিতেছিল পাকিস্তান, এরপর হেরেছে টানা ৭ ম্যাচ।
পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে এখনও রয়েছে অনিশ্চিতা। এ বিষয়ে আগামীকাল অথবা আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। তবে বেশ ভালোভাবেই বিশ্বকাপের প্রস্তুতি সারলো পাকিস্তান। বিশ্বকাপের আগে অজিদের মতো শক্তিশালী দলকে হারিয়ে কিছুটা হুঙ্কারও দিয়ে রাখলো সালমান আগার দল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরে যান ওপেনার শাহিবজাদা ফারহান। সাঈম আইয়ূব ও তিনে নামা সালমান আগা ৭৪ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন সাঈম।
এছাড়া অধিনায়ক সালমান আগা ২৭ বলে ৩৯ ও বাবর আজম ২০ বলে ২৪ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ২৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। এছাড়া জেভিয়ার বার্টলেট ও মাহলি বিয়ার্ডম্যান নেন ২টি করে উইকেট।
১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ম্যাথুউ শর্ট ৪ বলে ৫ ও ট্রাভিস হেড ১৩ বলে ২৩ রান করে আউট হন। এরপর ৪০ রান যোগ করেন ক্যামেরন গ্রিন ও ম্যাট রেন’শ।
তবে দলীয় ৬৮ রানের মাথায় রেন’শ ও কুপার কনোলি আউট হলে বিপদ বাড়ে অস্ট্রেলিয়ার। পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে অজিরা। দলের পক্ষে ক্যামেরুন গ্রিন করেন সর্বোচ্চ ৩৬ রান। পাকিস্তানের পক্ষে সাঈম আয়ুব ও আবরার আহমেদ নেন ২টি করে উইকেট।

