গরুর হাটে জরুর যাব

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২০:৫০

ব্রত রায়

 

গরুর হাটে জরুর যাবে প্রমিজ করে অমি

কিন্তু ভীষণ এলার্জি তার গন্ধে... পাবে বমি!

গরুর হাটে নোংরা এত, গোবর এবং মাছি

হাটগুলো ক্যান হয় না বলো বাসার কাছাকাছি?

গাবতলি যাও, কিংবা চলো কমলাপুরের পানে

আনতে গরু ভোগান্তি কী ভুক্তভোগীই জানে!

 

‘গরু ভীষণ শান্ত প্রাণী’ শুধুই রচনাতে

বাস্তবে কী বুঝবে তুমি হাঁটলে গরুর সাথে!

উল্টো দিকে দৌড় দেবে সে, করবে পানি ত্যাগ

গরুর গায়ে থাকলে বাটার জুতোর মতো ট্যাগ—

এক দামে সে বিক্রি হতো—থাকত ঝুলাঝুলি?

বাস্তবে তার দাম নিয়ে হয় ব্যাপক মুলামুলি!

 

আবার গরুর সেলসে ধরো যে লোকগুলো থাকে

ম্যানার্স জানে? এক্কেবারে ‘গাঁইয়া’ বলে যাকে!

উফফ কী গরম গরুর হাটে নেই এসি, নেই ফ্যানও

গরুর হাটে এত্ত মানুষ ভিড় করে যে কেন?

গরুর হাটে যাবে অমি—পষ্ট করেই বলে—

জ্যান্ত গরু বিক্রি হবে যেদিন শপিং মলে!