দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে রংপুর নগরী মিছিলের নগরীতে পরিণত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে স্লোগানে স্লোগানে দলীয় নেতাকর্মীরা নগরীতে প্রবেশ করতে থাকেন।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ জনসভাস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হতে শুরু করেন। দলীয় প্রধানের জনসভায় অংশ নিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ নানা যানবাহনে নেতাকর্মীরা আসছেন।
বিকেল সাড়ে ৪টার দিকে জনসভা শুরু হয়। এখন রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন। জনসভা মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
বিএনপি নেতারা জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঐতিহাসিক রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় তারেক রহমান নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, তারেক রহমানকে বরণ করতে লাখো মানুষের ঢল নেমেছে। বিএনপির ঘাঁটিতে পরিণত রংপুরের মানুষ ধানের শীষের বিজয় উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। দলের প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছে।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, রংপুরের জনসভায় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্যমুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবেন তারেক রহমান। রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে তারেক রহমানের কাছে নানা দাবি তুলে ধরা হবে।
এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শুক্রবার জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, নির্বাচনি সফরে শুক্রবার রংপুরের জনসভাস্থলে যাওয়ার পথে পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।
রাতেই রংপুর থেকে বগুড়ায় ফিরবেন। সেখানে রাতযাপন করে পরদিন শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
