[গত ২৯ জুলাই ছিল বিশ্ব বাঘ দিবস]
আবু সাইদ
বাঘ দিবসে হারু, নারু
গেল সুন্দরবনে,
সরাসরি বাঘ দেখিবে
ইচ্ছে ছিল মনে।
প্ল্যান করে ঠিক গেল তারা
সুন্দরবনের গহীন,
দুইটা হরিণ খেলছে যেন
তারা ভাই ও বহিন।
চারিদিকে পাখপাখালি
পশুপাখি কত,
একটি বাঘে ঘুমে আছে
ঠিক সে রাজার মতো।
ঘুমন্ত সেই বাঘের চোখে
মারল হারু ঢিল,
ঢিলটা দিয়ে বোকার মতো
হাসল সে খিলখিল।
বলল হারু পালাও নারু
বাঘ আসছে তেড়ে,
নারু বলে ক্যান পালাব
ঢিল মেরেছে কে রে?
যেমন করে ঢিল মেরেছিস
বুঝবি তেমন তুই—
তুই পালাতে পারিস কিন্তু
দাঁড়িয়ে রবো মুই।
