সাঈদ সাহেদুল ইসলাম
আছে ভীষণ ঝক্কি—জ্বালা
কিনতে গরু কোরবানির,
নূরু মামা? পাত্তা না দেয়
এর কথা বা ওর বাণির।
কিনবে গরু নিজের হাতে
দেখে—শুনেই জুত করে,
কারও দ্বারা তা কেনালেই
মন নাকি খুঁত-খুঁত করে।
গেলেন মামা গরুর হাটে
ভিড়ে গোবর পায় লাগে,
ঝাড়া দিয়ে পিছলে পড়ে
মাথায়-পিঠে, গায় লাগে!
গরুর হাটেই নূরু মামার
হায়—কী করুণ অবস্থা!
গোবর যত গা জুড়ে তার
আটকে আছে ছ’ বস্তা!?
