ডিজিটাল প্লাটফর্মেও সফল হাবিব ওয়াহিদ

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:০০

বিনোদন প্রতিবেদক

 

এদেশের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ গত প্রায় দেড়বছর ধরেই নিজের গানের বিপণনে ভিন্ন এক পথে হাঁটছেন। নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ দিচ্ছেন নিজের গান। বলা যায়, সকলে যখন বিভিন্ন ব্যানারে নিজের গানের বেচাকেনা করছেন। তখন হাবিব ওয়াহিদ নিজের চ্যানেলে তাঁর অসাধারণ সুরের নির্মাণগুলো প্রকাশ করেছেন একে একে। এরই ভেতরে দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে হাবিব ওয়াহিদের চ্যানেলটি। তবে মজার ব্যাপার হলো, কম্পোজিশন স্টাইলে যেমন হাবিবকে নকল করে অনেকেই তারকাখ্যাতি পেয়েছেন, ঠিক তেমনি সফল ইউটিউবার হিসেবে পদযাত্রায় এখন অনেক মিউজিশিয়ানই হাবিবকে অনুসরণ করে নিজেরাই ইউটিউব প্লাটফর্মে গান প্রকাশ করছেন।  তাই এখন শুধু নিজের গানই নয়, বরং হাবিব ফিচারিং গানগুলোও প্রকাশ পাচ্ছে তাঁর চ্যানেলে। এরইমধ্যে ন্যান্সি, পড়শী, লিজা থেকে শুরু করে টিকে তারেক নামের এক প্রতিভাবান নবাগত গায়কের গানও প্রকাশ পেয়েছে শিল্পীর নিজস্ব চ্যানেলে। আর সাফল্যের ধারাবাহিকতায় হাবিব ওয়াহিদের সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়েছে বর্তমানে ৩ লক্ষেরও ওপরে।

নিজের গান একজন শিল্পী-সুরকারের মূল সম্পদ। সেটিকেই নিজের মতো সংরক্ষণ করছেন হাবিব ওয়াহিদ। দেশের প্রখ্যাত এই সংগীত পরিচালক-কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ বলেন, ‘আমি আমার শ্রোতাদের কাছে যেমন দায়বদ্ধ তেমনি দেখুন একজন শিল্পী-সুরকার হিসেবে কিন্তু তাঁর গানটিই মূল সম্পদ। তাই নিজের মতো করেই এই যুদ্ধে নামলাম। কারো প্রতি অভিমান-রাগ নেই। বাইরের কাজ করবো না, এমনটাও বলছি না। কিন্তু নিয়মিত আমার সুরের সংরক্ষণের কাজ করে যাবো।’

উল্লেখ্য, হাবিব ওয়াহিদ এদেশের সংগীতে ভিন্ন এক ধারার প্রবর্তক। অগণিত শ্রোতাকে মোহিত করেছেন তাঁর নিজস্ব কম্পোজিশন স্টাইলে। একইসঙ্গে হাবিবের কণ্ঠে একাধিক গান আজ শ্রোতাদের মুখে মুখে। তাঁর সমসাময়িক শিল্পী-সুরকারদের ভেতরে সবচেয়ে মেধাবী এবং সফল শিল্পী হলেন তিনি। যিনি তাঁর মেধা যোগ্যতায় নিজের কম্পোজিশনের একটি ভাষা তৈরি করতে পেরেছেন।

বর্তমানে হাবিব দেশের বাইরে থাকলেও ঈদ উপলক্ষে নতুন চমক নিয়ে আসবেন বলে জানা গেছে।