বিনোদন রিপোর্ট
প্রতি ঈদের মতো এবারো ছোটপর্দায় অনেকগুলোর নাটক প্রচার হবে অভিনেতা তৌসিফ মাহবুবের। আর সময়ের সঙ্গে অভিনয়ে পরিবর্তনও এসেছে। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা খুঁজে নিচ্ছেন। এবার ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে অচেনা তৌসিফকে। ‘চাওয়ালা’ শিরোনামে এক নাটকে অভিনয় করেছেন তৌসিফ। যেখানে চাওয়ালার চরিত্রে দেখা যাবে তাঁকে। নিজের চরিত্র প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘ক্যারিয়ারে আগের চেয়ে সচেতন হয়েছি। এখন চরিত্র নির্বাচনের ক্ষেত্রে নিজস্বতা বজায় রাখার চেষ্টা করি। একেক নাটকে একেকভাবে নিজেকে দর্শকদের সামনে হাজির করার চেষ্টা আমার সবসময়ই থাকে। এই নাটকটিতেও অন্য এক আমিকে দেখতে পাবেন দর্শকরা।’ এই নাটকটির গল্পে দেখা যাবে, বস্তিতে জামান ও ফারজানার বসবাস। একটি অ্যাক্সিডেন্টে জামান বাম হাত ও ফারজানা হারিয়েছেন দু-চোখ। প্রতিদিন দু’জন রাস্তার পাশে চা বিক্রি করেন। নিজস্ব অর্থ-সম্পদ না থাকলেও আছে অটুট ভালোবাসার বন্ধন। এটি পরিচালনা করেছেন
সৌরভ সাফওয়ান। তৌসিফ ছাড়াও এতে অভিনয় করেছেন সাফা কবির। নাটকটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন দুপুর ১টায় একুশে টিভিতে।
