বাংলাদেশ-শ্রীলঙ্কা এইচপি সিরিজ
তারিখ ম্যাচ ভেন্যু
১৯ আগস্ট প্রথম ওয়ানডে বিকেএসপি
২১ আগস্ট দ্বিতীয় ওয়ানডে বিকেএসপি
২৪ আগস্ট তৃতীয় ওয়ানডে খুলনা
২৭-৩০ আগস্ট প্রথম চারদিনের ম্যাচ খুলনা
৩-৬ সেপ্টেম্বর দ্বিতীয় চারদিনের ম্যাচ কক্সবাজার
স্পোর্টস রিপোর্টার
গত মাসে ভারতের কর্ণাটকে বিসিবি একাদশ খেলেছে। একই সময়ে দেশের মাটিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। দুটি দলেই খেলেছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটাররা। আবার এইচপির অনেক ক্রিকেটার খেলার সুযোগ পাননি। কারণ বিসিবি একাদশ ও ‘এ’ দলে অনেক সিনিয়র ক্রিকেটারও খেলেছেন।
তবে এবার ঘরের মাঠে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন এইচপি স্কোয়াডের ক্রিকেটাররা। ঈদুল আজহার পর শ্রীলঙ্কা এইচপি দলের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে বিসিবির এইচপি দল। এই দলে থাকবেন না কোনো সিনিয়র ক্রিকেটার। অনূর্ধ্ব-২৩ দলের সিরিজ বলা হচ্ছে এটিকে। হোম সিরিজে লঙ্কানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে এইচপি দল।
এসব সিরিজে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের ব্যক্তিগত উন্নতিই বেশি গুরুত্ব পাবে। দলগত সাফল্যের প্রতি নজর থাকলেও আফিফ হোসেন ধ্রুব-সাইফ হাসানদের পরিণত হয়ে উঠা, কঠিন পরিস্থিতি সামাল দেয়ার দিকেই নজর দিতে চান এইচপির হেড কোচ সিমন হেলমুট। জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার লক্ষ্য নিয়েই কাজ করছেন তিনি।
গতকাল বিসিবি একাডেমিতে অনুশীলন করেছে এইচপি দল। ঈদের জন্য কয়েকদিনের ছুটি পাবেন ক্রিকেটাররা।
এইচপির সিরিজে আফিফদের জাতীয় দলের জন্য প্রস্তুত করতে চান জানিয়ে গতকাল অনুশীলনের পর হেলমুট বলেছেন, ‘আমি বলবো ব্যক্তিগত, দলগত পারফরম্যান্স এবং আমাদের নিজস্ব ক্রিকেটটা খেলতে হবে, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা অবশ্যই জিততে চাই। কিন্তু আমাদেরকে খেলোয়াড়দের উন্নতির দিকে তাকাতে হবে। খেলোয়াড়দের সুযোগ দিতে হবে এবং তাদেরকে কঠিন পরিস্থিতির মুখে ফেলতে হবে। যখন তারা জাতীয় দলে যাবে তখন এসব কন্ডিশন, পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে তারা প্রস্তুত থাকবে।’
আফগানদের মতোই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা কঠিন হবে বলে মনে করেন হেলমুট। অস্ট্রেলিয়ান এই কোচ গতকাল বলেছেন, ‘শ্রীলঙ্কা খুব ভালো দল। যেমনটা আফগানিস্তান ‘এ’ দল ছিল। আমাদেরকে ভালো পারফর্ম করতে হবে।’
এই হোম সিরিজটা এইচপির মূল স্কোয়াডের ক্রিকেটারদের জন্য বড় সুযোগ মানছেন হেলমুট। গতকাল তিনি বলেছেন, ‘অবশ্যই অনূর্ধ্ব-২৩ দলের সিরিজে এইচপির ক্রিকেটাররাই বেশি গুরুত্ব পাবে। এবং যারা আগের সিরিজে খেলতে পারেনি অবশ্যই তাদের জন্য দারুণ সুযোগ। এইচপি স্কোয়াডের কেউ কেউ সুযোগ পেয়েছে, কেউ কেউ খেলতে পারেনি। আমার মনে হয় ভারতে এইচপির প্রথমে ছয়জন, পরে আটজন খেলোয়াড় খেলেছে। তাই আসলে আমাদের প্রায় ১৪ জন খেলোয়াড় ‘এ’ দলের সিরিজে খেলেছে।’
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ১৬ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছাবে শ্রীলঙ্কা এইচপি দল। পরে ১৯, ২১ আগস্ট বিকেএসপিতে দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট খুলনায় হবে তৃতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ২৭-৩০ আগস্ট প্রথম চারদিনের মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এইচপি দল। কক্সবাজারে ৩-৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ।
