পাকিস্তান ক্রিকেটের জরুরি বৈঠক

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:১৭

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান তিন নিয়ন্ত্রক—অধিনায়ক সরফরাজ আহমেদ, কোচ মিকি আর্থার ও প্রধান নির্বাচক ইনজামাম উল হককে ডেকে পাঠিয়ে লম্বা সময় বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট কমিটি। গেল শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে মূলত গেল চার বছরে দলের পারফরম্যান্স নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলাপ হয়েছে।

বৈঠকটা মোট চার ঘণ্টা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান। বৈঠকে একে একে সরফরাজ, ইনজামাম ও আর্থার নিজেদের মতামত দিয়েছেন। ক্রিকেট কমিটির সদস্যদের কিছু প্রশ্নের উত্তরও দিয়েছেন এ তিনজন। কমিটিতে আছেন সাবেক দুই অধিনায়ক মিসবাহ উল হক, ওয়াসিম আকরাম। আরো আছেন জাকির খান ও মুদাসসর নজর।

বৈঠকে বড়ো একটা সময় ব্যয় হয়েছে বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নে। সেখানে টিম ম্যানেজমেন্টের তিনজনই দাবি করেন বৃষ্টির জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ভেসে না গেলে হয়তো পাকিস্তান দল বিশ্বকাপের সেমিফাইনাল খেলত। পাকিস্তান গ্রুপ পর্বের শেষ চার ম্যাচে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশকে হারায়। যদিও, রান রেটে এগিয়ে থেকে পাকিস্তানকে টপকে সেমিফাইনালে চলে যায় নিউজিল্যান্ড।

যদিও, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে নাখোশ ছিল পিসিবির ক্রিকেট কমিটি। তাদের দাবি, আফগানিস্তানের মতো দলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন উইকেটের জয় পেলেও, দলের ব্যর্থতা ছিল অপ্রত্যাশিত। ক্রিকেট কমিটি এ বৈঠক থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে দলের জন্য কিছু সুপারিশ নির্ধারণ করে প্রতিবেদন জমা দেবে পিসিবি চেয়ারম্যান এহসান মানির কাছে।

এর ওপরই ঝুলে আছে টিম ম্যানেজমেন্টের ভাগ্য। এ প্রতিবেদনের ওপর নির্ভর করেই হয়তো এ তিনজনকে দায়িত্বে বহাল রাখবে পিসিবি, কিংবা ছাটাই করবে।

বৈঠক শেষে ওয়াসিম আকরাম কড়া ভাষায় গণমাধ্যমকে সাফ জানিয়ে দেন যে কঠিন সিদ্ধান্ত নিতে কোনো কার্পণ্য করবে না পিসিবি। তিনি বলেন, ‘আপনি যদি নিজের শতভাগ উজার করে দিতে না পারেন, তাহলে পিসিবি আপনার জায়গা নয়। আমাদের প্রতিটা জায়গায় সঠিক ব্যক্তিদের খুঁজে বের করতে হবে।’