ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সচেতনতা বাড়াতে ভোটারদের মধ্যে গাছের টব দেওয়া হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রচারণায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণের পাশাপাশি ফুলগাছসহ বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় আবু জাফর বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকা শহরে গাছের সংখ্যা কম এবং খোলা জায়গার অভাব রয়েছে। এ অবস্থায় বাসাবাড়ির ব্যালকনি ও ছাদে গাছ লাগানোর মাধ্যমে অক্সিজেন ও নির্মল বায়ুর চাহিদা পূরণ করা সম্ভব।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা–১৭ আসনের বাসিন্দাদের পরিবেশ রক্ষায় সচেতন করা এবং গাছ লাগাতে উদ্বুদ্ধ করতেই লিফলেটের সঙ্গে গাছের চারা বিতরণ করা হয়েছে।
