দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৭

ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) ঢাকা কলেজ ইউনিটের আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা কলেজ টেনিস গ্রাউন্ডে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের মান্যবর অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির সভাপতি এস এম ফেরদৌস আলম ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার সীমা ইকবাল। সভাপতিত্ব করেন ডিআইএস ঢাকা কলেজ ইউনিটের আহ্বায়ক মোঃ ওয়াদুদুর রহমান রাহুল।

ম্যাচে টিম লুই ব্রেইল ও টিম হেলেন কেলার অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টিম হেলেন কেলার ৭ উইকেটে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে ১৫,০০০ টাকা এবং ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটির পক্ষ থেকে ১০,০০০ টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

উল্লেখ্য, ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি ২০১৭ সাল থেকে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করে আসছে। ২০২৩ সাল থেকে ঢাকা কলেজে DIS-এর কার্যক্রম চলমান রয়েছে। একীভূত শিক্ষাঙ্গন গড়ে তুলতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ইত্তেফাক/এএম