অনূর্ধ্ব-২১ জুনিয়র বিশ্বকাপ হকির আসরে সর্বোচ্চ গোলদাতার নামটি বাংলাদেশের আমিরুল ইসলামের। ওয়েবসাইটে গেলে দেখা যায়, সেরা খেলোয়াড় নেদারল্যান্ডসের ক্যাসপার ভ্যান ডের ভিন এবং সেরা গোলরক্ষকের নাম হচ্ছে জার্মানির জেসপার। এ তিন জনের মধ্যে বাংলাদেশের আমিরুলের নামটি সবার ওপরে। দেশের হকির ইতিহাসে এই দৃশ্য আর কখনো দেখা যায়নি।
বাংলাদেশের এক তরুণ খেলোয়াড় জুনিয়র বিশ্বকাপের মঞ্চে ১৮ বার গোল করেছেন, চার বার ম্যাচসেরা হয়েছেন। এই তরুণ নিজ দেশে ফিরে সেভাবে কদর পাননি। গৌরব করা ব্যক্তিগত সাফল্য এনে দিয়েছেন। দেশকে সম্মান এনে দেওয়া হকি খেলোয়াড় আমিরুল ইসলাম ভেবে ছিলেন দেশে ফিরে নতুন ক্যারিয়ার শুরু করবেন। হকি নতুন করে জেগে উঠবে। কিন্তু হয়েছে তার উলটো। খুব বেশি চাওয়া নেই এই তরুণের। ঘরোয়া হকি লিগটা যদি শুরু হতো তাহলে জুনিয়র বিশ্বকাপের উজ্জ্বলতা ঘরের মাঠেও দেখা যেত। তরতাজা পারফরম্যান্স মেলে ধরতে পারতেন আমিরুল ইসলাম।
এশিয়ান গেমসে হকির দল গঠন করা হবে। ডাক পাওয়া ৩৭ খেলোয়াড়ের মধ্যে গতকাল ঢাকা স্টেডিয়ামে ৩৬ জন হাজির হয়েছিলেন। তারা কপার টেস্ট দিচ্ছিলেন। ঢাকা স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ৩ হাজার মিটারের দৌড়, তখনো শেষ হয়নি। এশিয়ান গেমস হকি যেমন জরুরি, তেমনি লিগ খেলাটাও জরুরি। ঘরোয়া হকির কোনো খেলা নেই, লিগ নেই। হকি খেলোয়াড়রা কোন দিকে যাবেন তা কেউ জানে না। তাদের ভবিষ্যৎ কী, কারো জানা নেই। হকি খেলোয়াড়রা চান লিগ খেলতে।
আমিরুল ইসলাম লিগ নিয়ে কথা বলতে গেলে আশপাশে থাকা হকি খেলোয়াড়রাও কণ্ঠ মেলালেন-আমরা লিগ খেলতে চাই। অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক সামিন, কথা শুনছিলেন। আমিরুল, শিতুলরাও এগিয়ে এলেন, লিগ আয়োজনের দাবি। সেই কবে লিগ হয়েছে। দুই বছর পেরিয়ে গেছে। কিন্তু ফেডারেশনের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত লিগ আয়োজন করতে পারেনি হকি ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি। লিগ না হওয়ায় হকি খেলোয়াড়রাও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। শত শত খেলোয়াড় বেকার জীবন কাটাচ্ছেন। কবে হবে হকি লিগ কেউ জানেন না।
আমিরুল খুব আফসোস করে বলছিলেন, লিগটাই হচ্ছে সব। লিগ যদি না হয় তাহলে হকির খেলোয়াড়দের ক্যারিয়ারের মূল্য কোথায়।' শিতুলরাও একই কথা উচ্চারণ করলেন। একটা লিগ হলে অনেক কিছু সম্পৃক্ত হয়। সবার সমন্বয়ে একটা দল গঠন হয়। আমিরুল বললেন, 'লিগ খেলাটা হলে শুধু আমরা কেন, এখানে শত শত খেলোয়াড়ের কর্মসংস্থানের বিষয়। এখানে কোচ, ম্যানেজার, কর্মকর্তা, টিম বয় থেকে শুরু করে নানা মানুষের সম্পৃক্ততা থাকে। দর্শক আসে, পুলিশ আসে মাঠে। আরও কিছু রয়েছে। একটা লিগ সবাইকে এক মালায় গেঁথে ফেলে। সেই জিনিসটা হচ্ছে না।'
হকির সবার কথাটাই আমিরুল-শিতুলদের কণ্ঠ থেকে বেরিয়ে এলো। হকিতে লিগের জন্য বারবার আন্দোলন করতে হয়। খেলা চাই, খেলা চাই বলে বারবার আওয়াজ তুলতে হয়। এসব কারণে দেশের হকির এক নম্বর তারকা রাসেল মাহমুদ জিমি একবার বলেছিলেন, দেশের হকি লিগটা হচ্ছে অলিম্পিক গেমসের মতো। চার বছর পরপর খেলতে হয়। হকি ফেডারেশন বলছে, তারা লিগ আয়োজনে চেষ্টা করছেন। কিন্তু ক্লাবগুলো থেকে আন্তরিক সহযোগিতা পাচ্ছেন না। লিগ আয়োজনে ফেডারেশন পুনরায় উদ্যোগ গ্রহণ করবে, সেটি জাতীয় নির্বাচনের পর।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জাতীয় নির্বাচন। সরকার গঠন হবে। ক্লাবগুলোতে নতুন নতুন কর্মকর্তা আসবেন। তারা নতুন করে আলোচনায় বসবেন। তখন হয়তো হকি লিগ নিয়ে নতুন করে ভাবনা শুরু হবে। তার আগ পর্যন্ত হকি লিগ শুরু হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এভাবেই অনিশ্চিত জীবনের পথে চলছে হকি।

