মেহেরপুরে সংঘর্ষে ২০ জন আহত

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:৫৬

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে গতকাল শনিবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে রাজশাহী এবং কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়েছে। বাকিদের মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন, পনি গ্রুপের মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, আরিফ হেসেন, জনি হোসেন, শাহিন আলী, আফজাল হোসেন, আকবার আলী এবং প্রতিপক্ষ চঞ্চল গ্রুপের চঞ্চল হোসেন, আবু তাহের, সুমন আলী, আসাদুর রহমান, রাজা হোসেন, নজির আলী, শাহিন হোসেন  ও মাহি উদ্দিন আহত হয়।

এ দিকে এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও একই গ্রামের বাসিন্দা ওয়াসীম আলী জানান, গত বৃহস্পতিবার মানার ওপর আক্রমণের জের ধরে আজ এ সংঘর্ষ ঘটে। তবে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান জানান, দুইপক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছে। একাধিক বার এ বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে বসা হয়েছে। কোনো পক্ষই ছাড় না দেওয়ায় তাদের বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়নি। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।