বগুড়া-২ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সপ্তাহ খানেক আগে হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বগুড়া-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তাজবীর শরীফ সাম্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তাহীনতার কারণে আমার বাবা দাঁড়িয়েছে।

নির্বাচন বর্জনের ঘোষণায় শরিফুল ইসলাম জিন্নাহর বরাতে একটি চিঠি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন তাজবীর শরীফ সাম্য।

ওই বার্তায় উল্লেখ করা হয়েছে, নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেককে এলাকা ছাড়া করা হয়েছে। নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে। এতে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। রাজনীতি হবে উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জবরদস্তির বৈধতা দেওয়া। শিবগঞ্জের মানুষের সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পারায় আমি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের রুক্ষ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

শিবগঞ্জ উপজেলা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, লাঙ্গল প্রতীকের এমপি প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ ভোট বর্জন করেছেন এটা শুনেছি। কিন্তু তার পক্ষ হতে আমাদের দপ্তরে আনুষ্ঠানিক ভাবে লিখিত কোনো অভিযোগ পাইনি।

শরিফুল ইসলাম জিন্নাহ গণমাধ্যমকে বলেন, আমার নিজের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। অনেককে ঘরছাড়া করা হয়েছে। এ অবস্থায় নির্বাচনের কোনও পরিবেশ নেই বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।।

ইত্তেফাক/এপি