কিশোরগঞ্জ প্রতিনিধি ও করিমগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওর ভ্রমণে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন জাহিদ হাসান জিতু (২৮)। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওয়ার কুমারজানি গ্রামে। তিনি ব্যাংক এশিয়া লিমিটেডের ময়মনসিংহ শাখার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি শুক্রবার বালিখলা ঘাট সংলগ্ন ব্রিজের রেলিংয়ে বসে সেলফি স্টিক লাগিয়ে ছবি তোলার সময় দুর্ঘটনার শিকার হন।
তিনি ঐদিন দুই বন্ধুসহ হাওর ভ্রমণ করতে করিমগঞ্জের বালিখলা ঘাটে আসেন। সেখানে ব্রিজের রেলিংয়ে বসে সেলফি তোলার সময় হঠাত্ নিচে ধনু নদীতে পড়ে যান। প্রবল স্রোত ও ঘূর্ণিপাক থাকায় তিনি আর পাড়ে উঠতে পারেননি। বিকালে তার লাশ পানিতে ভেসে ওঠে।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে তার লাশ আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
