চৌগাছায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:৫৮

চৌগাছা (যশোর) সংবাদদাতা

চৌগাছায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চৌগাছা থানার পুলিশ উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের হিজলী বিজিবি ক্যাম্পের পাশের একটি কড়ই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় নারী ইউপি সদস্য সফুরা বেগম জানান, এলাকার নুর ইসলাম নামের এক ব্যক্তি মাঠে যাওয়ার সময় হিজলী ক্যাম্পের পাশে একই গ্রামের গওহর আলীর পারিবারিক কবরস্থানের একটি কড়ইগাছে অজ্ঞাত ব্যক্তির লাশ ঝুলতে দেখে। ঝুলন্ত লাশ দেখে চিত্কার দিলে এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। আমি মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে খবর দেই।

চৌগাছা থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী লাশটি শনাক্ত করতে পারেনি। অজ্ঞাত হিসেবে সুরতহাল করা হয়েছে। লাশের শরীরের কোথাও কোনো দাগ পাওয়া যায়নি।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, লাশটি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না পেলে অপমৃত্যু মামলা হবে।