বাংলাদেশে ‘জ্যাকটর’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০

দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান ডিজিটাল বাজারে ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ‘জ্যাকটর’ (Zktor)। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় প্ল্যাটফর্মটির বেটা টেস্টিং শুরু হয়েছে। প্রথাগত নজরদারিভিত্তিক ডিজিটাল মডেলকে চ্যালেঞ্জ জানিয়ে ‘প্রাইভেসি-বাই-ডিজাইন’ বা শুরু থেকেই সুরক্ষা নিশ্চিত করার নীতি নিয়ে কাজ করছে এই প্ল্যাটফর্মটি।

দক্ষিণ এশিয়ায় ডিজিটাল বিপ্লব দ্রুত ঘটলেও ব্যবহারকারীদের সুরক্ষাকবচ বা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অধিকাংশ ক্ষেত্রেই দুর্বল। সাধারণত কোনো প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার পর সেটির ঝুঁকি নিয়ে কাজ করা হয়। তবে সফট টেকনোলজি লিমিটেড উদ্ভাবিত ‘জ্যাকটর’ এই ধারার বিপরীতে হাঁটছে। ভারত ও নেপালে সফলভাবে জনপরিসরে পরীক্ষার পর এটি এখন বাংলাদেশের বাজারে তার সক্ষমতা যাচাই করছে।

জ্যাকটরের প্রধান স্থপতি সুনীল কুমার সিং ফিনল্যান্ডে ডিজিটাল গভর্নেন্স ও ট্রাস্ট সিস্টেম নিয়ে দীর্ঘ এক দশক গবেষণা করেছেন। তার সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে এই প্ল্যাটফর্মে। জ্যাকটরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ‘জিরো-নলেজ সার্ভার মডেল’। এর ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য স্বয়ং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের কাছেও দৃশ্যমান হবে না।

এছাড়া এতে রয়েছে মাল্টি-লেয়ার এনক্রিপশন এবং নো-ইউআরএল মিডিয়া ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে কোনো ছবি বা ভিডিও সরাসরি ডাউনলোড বা বাইরের কোনো মাধ্যমে পুনঃবণ্টন করা অসম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ এশিয়ায় বিশেষ করে নারীদের অনলাইন হয়রানি এবং অনুমতিহীন ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো ঝুঁকি কমাতে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হবে।

জ্যাকটরের আরেকটি বিশেষত্ব হলো এর অর্থায়ন পদ্ধতি। সুনীল সিং নিশ্চিত করেছেন যে, কোনো ভেঞ্চার ক্যাপিটাল বা সরকারি অনুদান ছাড়াই এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ব্যবসায়িক চাপ বা বিনিয়োগকারীদের মুনাফার স্বার্থে অনেক সময় প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীর তথ্য বিক্রি বা নজরদারি করতে বাধ্য হয়। জ্যাকটর এই বলয় থেকে মুক্ত থেকে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষাকেই সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।

বাংলাদেশে এই প্ল্যাটফর্মটির কার্যক্রম কেবল ব্যবহারকারী বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি তরুণ প্রজন্মের জন্য তথ্যপ্রযুক্তি খাতে নতুন সুযোগ তৈরি করছে। এনক্রিপশন, লোকালাইজেশন এবং ডিজিটাল সুরক্ষার মতো বিশেষায়িত ক্ষেত্রে দক্ষ জনবল তৈরিতে এটি সহায়ক ভূমিকা পালন করতে পারে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জ্যাকটর গুগল প্লে স্টোরে পাওয়া যাবে https://play.google.com/store/apps/details?id=fandl.softa.zktor এই ঠিকানায় এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে পাওয়া যাবে https://apps.apple.com/in/app/zktor/id6753712271 এই ঠিকানায়।

ইত্তেফাক/আরআর