চট্টগ্রাম অফিস
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইয়েদ মোহাম্মদ আল মেহরি বলেছেন, পেশাগত দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সম্মিলন বাংলাদেশে তথা এশিয়ার ইস্পাত খাতে নতুন দিগন্তের সূচনা করবে। গত শুক্রবার সীতাকুন্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতের নতুন প্ল্যান্ট পরিদর্শনকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এ অভিমত ব্যক্ত করেন। তিনি উভয় দেশের সরকারের দ্বিপাক্ষিক সুসম্পর্ক ও বেসরকারি খাতের বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জিপিএইচ ইস্পাত বিশ্বে প্রথম কোম্পানি, যার কারখানায় একই ছাদের নিচে ইলেক্ট্রিক আর্ক ফার্নেস কোয়ান্টাম ও এ সংক্রান্ত প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এতে ২৪০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। ইতিমধ্যে ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে কারখানাটি পরীক্ষামূলক উত্পাদনে যাবে।
জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির বলেন, আমরা পরিবেশবান্ধব ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, এই প্ল্যান্ট চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
এ সময় অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার মোশতাক আহমদ, আমিরুল ইসলাম, এম এন দস্তুর অ্যান্ড কোম্পানির প্রীতম চ্যাটার্জি, টেকনিকেল অডিটর অনিন্দ্যকে ব্যানার্জি উপস্থিত ছিলেন।
