আগামী বছরই রামপাল কেন্দ্রের বিদ্যুত্ জাতীয় গ্রিডে পাওয়া যাবে: কেসিসি মেয়র

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২২:০০

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন, আগামী বছরই রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত্ কেন্দ্র থেকে উত্পাদিত ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিড থেকে পাওয়া যাবে। এক সময়ে যে সিস্টেম লস হতো, বিদ্যুত্ গেলে আতঙ্কে থাকত, কয় ঘণ্টা পরে বিদ্যুত্ আসে এই ভেবে। কিন্তু এখন বিদ্যুত্ নিয়ে কোনো সমস্যা নাই, পর্যাপ্ত বিদ্যুত্ আমাদের আছে। গতকাল শনিবার মোংলার শিল্প এলাকা দিগরাজে ১০ এমভিএ ৩৩/১১ কেভি বিদ্যুত্ উপকেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেসিসি মেয়র খালেক আরো বলেন, আগামী দুই এক বছরের মধ্যে এ অঞ্চলে ব্যাপক শিল্পায়ন হবে, এসব শিল্পায়নকে ঘিরে বিদ্যুতের আরো স্টেশন দরকার। এ জন্য মোংলার চাঁদপাইসহ আরো দুইটি বিদ্যুত্ উপকেন্দ্র চালুর কাজ চলছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোটের আমলে কোনো বিদ্যুত্ প্রকল্প হাতে নেওয়া হয়নি। বাগেরহাট পল্লী বিদ্যুত্ সমিতির আয়োজনে এ বিদ্যুত্ উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদত্ হোসেন, বাগেরহাট পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম ও সহকারী ম্যানেজার অঞ্জন কুমার সরকার।