বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২২:০০

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

বড়লেখা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুস শুক্কুর (৫৫) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। বোবারতল সীমান্তের পিলার নম্বর ১৩৮০-১ এস ও ২এস এলাকায় এই ঘটনা ঘটে। শুক্কুর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল মাঝগান্ধাই এলাকার মুরাকিব আলীর ছেলে।

বিজিবি ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল মাঝগান্ধাই এলাকায় ১২ থেকে ১৪ জনের একটি দল অবৈধভাবে সীমান্তের জিরোলাইন অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে। এতে অনুপ্রবেশকারীরা দৌড় দিলে বিএসএফ বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিতে আব্দুস শুক্কুর আহত হলেও অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। চিকিত্সা শেষে পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আব্দুস শুক্কুরকে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলা করা হয়।