সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বর্ণিল একদিন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৬

বর্ণিল আয়োজন আর আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজধানীর মিরপুরে অবস্থিত সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার (অব.)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মো. ওয়াদুদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন—পরিচালক নূর ই আলম আজাদ, জাকিয়া ইসলাম, শিক্ষানুরাগী বেগম রোকেয়া, হুরিয়া জামিল এবং সাউথ এশিয়ানের সাবেক সিনিয়র শিক্ষিকা খাদিজা সুলতানা। মনোজ্ঞ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কানিজ ফাতেমা ও মো. আশরাফুল আলম। সার্বিক তত্ত্বাবধানে  ছিলেন—ফারহানা রেজা, উম্মে হাবিবা ইয়াসমিন, মাহমুদুল হাসান, তানিয়া ইসলাম এবং জোহরা খাতুন।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনন্দঘন দিনটির শুরু হয়। মাঘের শিশির ভেজা সকালে কোমলমতি ছাত্রছাত্রীদের দৃষ্টিনন্দন প্যারেড ডিসপ্লে মুগ্ধ করে উপস্থিত সকলকে। অনুষ্ঠানে জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, দৌড়, আদিবাসী নৃত্য এবং বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় শিশুদের যেমন খুশি তেমন সাজো পর্বসহ ছিলো নানা আয়োজন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের অংশগ্রহণ দিনটিকে করে তোলে আরও বেশি উৎসবমুখর।

সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার (অব.)। তিনি বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি গঠনমূলক যে কোন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মনোবল বাড়ায় এবং সামগ্রিকভাবে শিক্ষার গুণগতমান উন্নত করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মো. ওয়াদুদুল ইসলাম বলেন, সামাজিক দক্ষতা বৃদ্ধি, দলগত চেতনার সমৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার মতো সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিনি সুন্দর ও সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সকল ছাত্রছাত্রী ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানান।

ইত্তেফাক/এসএএস