নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাব্বির নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো তিনজন শ্রমিক। আহত শ্রমিকদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত সাব্বির উপজেলার ইসলামপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে। ঘটনার সময় নিহতের বড়ো ভাই রবিনও আহত হন। এছাড়া আহত হয়েছেন ইসলামপুর আদর্শ গ্রামের কুদ্দুসের ছেলে সোহেল ও গঙ্গানগর গ্রামের রফিউল্লাহর ছেলে নাজির হোসেন।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, আনন্দ গ্রুপের আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডে দুপুরে নির্মাণাধীন জাহাজের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চার শ্রমিক আহত হন। এসময় ঘটনাস্থলে মারা যান সাব্বির। আহতদের মধ্যে রবিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রবিনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে। অন্যদের চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডের ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, ‘আমরা কোনো শ্রমিককে সরাসরি নিয়োগ দেইনি। এরা ঠিকাদারের লোক। তবে শ্রমিক নিহতের ঘটনা খুবই দুঃখজনক। ’
