প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নির্বাচন কমিশন: ফখরুল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২৩:০৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নির্বাচন কমিশন। পরিপত্র জারি করছে, যেগুলো নির্বাচনের সহায়ক নয়। বিএনপি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে যেন তারা তাদের দায়িত্ব পালন করে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড দূরে থাকুক, এখন চেষ্টা করা হচ্ছে কীভাবে আরও খারাপ করা যায়। খানাখন্দ খোড়ার চেষ্টা করা হচ্ছে। ফখরুল ইসলাম অভিযোগ করেন, সরকারি দল প্রতিদিন   সভা-সমাবেশ করছে, কিন্তু ইসি কিছুই করছে না। ইসি যদি দায়িত্ব পালন না করতে পারে, তাহলে দেশবাসীকে বলুক যে স্বাধীনভাবে আমরা দায়িত্ব পালন করতে পারছি না। দায়িত্ব পালন না করতে পারলে পদত্যাগ করা উচিত। না হলে সংবিধান আপনাদের (ইসি) যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব নিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আপনারা দায়িত্ব পালন করলে আমরা সাহায্য করব। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়।

গতকাল বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা কমিশনকে বার বার বলেছি যে, আপনাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করবো। কিন্তু সরকারের মন্ত্রী ও সরকারি দলের নেতা যা বলবেন সেভাবে আপনারা কাজ করবেন, তাহলে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকারি দল রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিয়ে ‘একদলীয় ও এক তরফা’ নির্বাচন করার চক্রান্ত করছে বলেও নানা অভিযোগ তুলে ধরেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আমরা নির্বাচনে এসেছি আমাদের আন্দোলনের অংশ হিসেবে। একদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছে, হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে। আমরা জোর দিয়ে বলছি অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হোক, আটক নেতা-কর্মীদের মুক্ত করা হোক।