হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সন্ধ্যায় ৮০টি স্বর্ণবার (৯ কেজি ৩২৮ গ্রাম) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।
তিনি বলেন, শুল্ক গোয়েন্দা জানতে পারে ৯ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে আবর্জনা ফেলার ঝুড়ির ভিতরে কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ রাখা আছে। শুল্ক গোয়েন্দারা ৯ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে আবর্জনা ফেলার ঝুড়ির ভিতরে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করেন। স্বর্ণবারগুলোর দাম প্রায় ৪ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত স্বর্ণবারগুলোর ব্যাপারে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
