পূর্ব বিরোধের জেরে যুবককে কোপালো দুর্বৃত্তরা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৭

ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকের এক সমর্থককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম ঠান্ডু মন্ডল (৫৬)। তিনি ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মিয়াকুন্ডু গ্রামের বাসিন্দা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ করা হয়েছে, ধানের শীষ প্রতীকের সমর্থকরাই তাকে কুপিয়ে জখম করেছে।

আহত ব্যক্তি ও তার স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঝিনাইদহ-৪ আসনের বামনাইল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাতের বেলায় বাড়ি ফিরছিলেন ঠান্ডু মন্ডল। পথে তার ভাস্তে লিপ্তু খানের সঙ্গে দেখা হয়। লিপ্তু খান কাপ-পিরিচ প্রতীকের সমর্থক। দু’জন একসঙ্গে হেঁটে বাড়ি ফেরার সময় মিয়াকুন্ডু গ্রামে পৌঁছালে ধানের শীষ প্রতীকের ১০ থেকে ১৫ জন সমর্থক তাদের ওপর হামলা চালায়। এ সময় ঠান্ডু মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

আহত ঠান্ডু মন্ডল বলেন, হামলাকারীরা সবাই তার গ্রামের বাসিন্দা এবং ধানের শীষেরই সমর্থক। তাদের সঙ্গে পূর্ব বিরোধ ছিল। তিনি অভিযোগ করেন, কাপ-পিরিচ প্রতীকের এক সমর্থকের সঙ্গে একসঙ্গে ফেরার বিষয়টিকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে।

ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভোট চাওয়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বলেন, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

ইত্তেফাক/এসজেএস