ডেঙ্গু মোকাবিলা

কলকাতা পৌরসভার পরামর্শ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০০:১১

ডেঙ্গু রুখতে কলকাতা পৌরসভার পরামর্শ নেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আগামীকাল সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পরামর্শ দেওয়া হবে। ঢাকায় থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ পৌর আধিকারিকরা। অন্যদিকে, কলকাতায় থাকবেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষসহ পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এককালে কলকাতায় ডেঙ্গুর প্রচণ্ড প্রকোপ ছিল। কীভাবে তা থেকে উত্তরণ ঘটল, সেই অভিজ্ঞতা বিনিময় করবেন তারা। অভিজ্ঞতার বর্ণনা দেবেন কলকাতা পৌরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মনিরুল ইসলাম, উপ-স্বাস্থ্য আধিকারিক ডা. সুব্রত রায় চৌধুরী।

শনিবার ডেঙ্গু প্রতিরোধে কলকাতা পৌরসভা কীভাবে সফল হয়েছে তা দেখে যান বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সচিব হেলালউদ্দিন।

কলকাতার মেয়র জানান, বাংলাদেশ শুধু প্রতিবেশী দেশ নয়, বন্ধুও। ডেঙ্গু ওখানে বড়ো সমস্যা। দুই দেশের আবহাওয়া, পরিবেশে মিল রয়েছে। ওখানকার প্রশাসন আপ্রাণ লড়াই করছে। ডেঙ্গু প্রতিরোধ নিয়ে ওদের কিছু প্রশ্ন ছিল। আলোচনা হয়েছে। তাজুল ইসলাম জানান, কলকাতায় একসময় ডেঙ্গুর বড়ো সমস্যা ছিল। এখন সামলে নিয়েছে। ডেঙ্গুর মশা কীভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে কথা হয়েছে।