চার লাখ প্রিপেইড মিটার স্থাপন করেছে পল্লী বিদ্যুত্

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০০:১৬

বিদ্যুতের প্রি-পেমেন্ট মিটারে ঝুঁকেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। গত জুন পর্যন্ত ঢাকার আশপাশে চার লাখ মিটার স্থাপিত হয়েছে। চলতি অর্থবছরে আরো সাড়ে ৭ লাখ মিটার স্থাপনের কাজ চলমান রয়েছে। সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সাল নাগাদ ৩১ লাখ স্মার্ট (অনলাইন) প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আরইবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্পাদিত বিদ্যুতের সদ্ব্যবহার ও অপচয় রোধ তথা স্বয়ংক্রিয় বিলিং সুবিধা সৃষ্টি করার জন্য ২০১১ সালে সরকার প্রি-পেমেন্ট মিটার প্রবর্তন করেন। বর্তমানে সারাদেশে প্রি-পেমেন্ট মিটারসমূহ আরো আধুনিকায়ন করে ২০২৫ সালের মধ্যে দুই কোটি প্রি-পেমেন্ট মিটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বর্তমানে স্থাপিত প্রি-পেমেন্ট মিটার গ্রাহকদেরকে রিচার্জ পরিমাণের ওপর সরকার কর্তৃক ০১% ভর্তুকি দেওয়া হচ্ছে, প্রকৃত ব্যবহারের ওপর প্রি-পেমেন্ট মিটার বিল করে বিধায় কোনো আনুমানিক বা ভৌতিক বিল হওয়ার সুযোগ নেই। তাছাড়া প্রি-পেমেন্ট মিটারে ভোল্টেজ লিমিট সেট করে দেওয়া যায়, যার মাধ্যমে গ্রাহকের বৈদ্যুতিক সরঞ্জামসমূহ ওভার ভোল্টেজ কিংবা আন্ডার ভোল্টেজ হতে রক্ষা করা সম্ভব।

আরইবি জানায়, প্রি-পেমেন্ট মিটারের ফলে গ্রাহকরা দূরবর্তী অফিস, ব্যাংকে না যেয়ে পার্শ্ববর্তী এলাকায় ভেন্ডিং স্টেশন, ব্যাংক পস, মোবাইল রিচার্জ সেন্টার হতে কিংবা গ্রামীণফোন বা রবি অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই প্রি-পেমেন্ট মিটারের রিচার্জ টোকেন ক্রয় করতে পারছেন।