টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৫

কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মো. আলম অভিযোগ করে জানান, কক্সবাজার-৪ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর আহমদ আনোয়ারীর নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এর আগে মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করেন। ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

এদিকে খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। 

সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নুরী বলেন, এলাকাটি ঝুঁকিপূর্ণ। স্থানীয় সন্ত্রাসীদের অবস্থান রয়েছে। তিনি এই ঘটনায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। অগ্নিসংযোগের অভিযোগ করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তদন্তপূর্বক এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এপি