মালয়েশিয়ায় কুমিল্লার যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৬

মালয়েশিয়ায় মোঃ জামাল মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবক কুমিল্লার আদর্শ সদর উপজেলার মদিনানগর এলাকার মোঃ জলিল মিয়ার ছেলে। বুধবার স্থানীয় একটি হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ওই প্রবাসীর নিহতের খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত সোমবার (৩ ডিসেম্বর) মালয়েশিয়ার সানওয়ে মেনতারি এলাকা থেকে পুলিশ জামালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ইউনিভার্সিটি মালায় হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় পর দিন মঙ্গলবার তিনি মারা যান।

৩ সন্তানের জনক নিহত জামাল মালয়েশিয়ায় ৯ বছর ধরে অবস্থান করছিলেন। তিনি স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। মালয়েশিয়ায় অবস্থানরত নিহত জামালের শ্যালক মোঃ লিটন মিয়ার উদ্বৃতি দিয়ে বুধবার নিহতের বাবা জলিল মিয়া জানান, জামাল মিয়া গত সোমবার সকাল ৭টায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সানওয়ে মেনতারি কোর্ট এলাকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা মালয়েশিয়ান ৪ জন যুবক ও ১ মেয়ে তাকে হকিস্টিক দিয়ে বেদম পেটাতে থাকে। এ সময় সে বাঁচার জন্য চিৎকার করলেও স্থানীয় সিকিউরিটি কিংবা উপস্থিত লোকজন কেউ এগিয়ে আসেনি। ১ ঘণ্টা পর পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর দিন তিনি মারা যান।

বুধবার নিহতের ময়নাতদন্ত করার পর মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে চলতি মাসেই তার মরদেহ দেশে আনা হতে পারে। এদিকে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো পরিবারের লোকজন নিশ্চিত হতে না পারলেও মালয়েশিয়ার একটি প্রতারক চক্রের চাহিদা মোতাবেক অর্থ না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহত জামাল মিয়ার পরিবারকে মালয়েশিয়া থেকে জানানো হয়েছে। এ ঘটনায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো: সায়েদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে খোজ-খবর নিচ্ছেন বলেও জানা গেছে। জামালের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জামালের বাবা জলিল মিয়া সাংবাদিকদের জানান, আমার ছেলেকে কেন ও কারা হত্যা করেছে এ বিষয়টির তদন্তসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করছি। তিনি অবিলম্বে ছেলের মরদেহ দেশে ফিরেয়ে আনতে সরকারে সহায়তা কামনা করেন।

ইত্তেফাক/আরকেজি