ফুলবাড়ীতে দুই ডেঙ্গুরোগী শনাক্ত

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৬:৩৭

কুড়িগ্রামের  ফুলবাড়ীতে এক নারীসহ দুইজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সন্ধান পাওয়া গেছে। তারা দুইজনেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজ বািড়তে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- ফুলবাড়ী সদর ইউনিয়নের প্রাণকৃষ্ণ গ্রামের শিক্ষক খোরশেদ আলমের স্ত্রী সুমি আক্তার (২৭) ও নাওডাঙ্গ ইউনিয়নের বালাতাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে তারেক হাসান জয় (২০)। 

সুমির স্বামী শিক্ষক খোরশেদ আলম জানান, গত ১৮ জুলাই  সুমির শরীরে জ্বর অনুভূত হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলে তার অবস্থার অবনতি ঘটে। তাকে লালমনির- হাট রাফি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. এ এস এম শাফিউজ্জামানের (শাফি) তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তিনি শরীরে ডেঙ্গুর জীবাণু শনাক্ত করেন। পরে শাফিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত চিকিৎসাধীন থাকার পরে অবস্থার কিছুটা উন্নতি হলে শুক্রবার বাড়িতে নিয়ে আসেন। তার দু’টি শিশু তোয়া (১) ও শিহাব রয়েছে। 

অপর দিকে, তারেক হাসান জয় রাজমিস্ত্রির কাজ করার জন্য ঢাকা উত্তরায় থাকেন। সেখানে গত ২৬ জুলাই প্রচণ্ড জ্বর অনুভব হলে সে গ্রামের বাড়িতে চলে আসে। পরে পরিবারের লোকজন জয়কে ২৮ জুলাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডা. নারায়ণ চন্দ্র কাছে নিয়ে গেলে ডেঙ্গুজ্বর ধরা পড়ে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না হয়ে ওই ডাক্তারের চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করেন। তার বাবা আব্দুল জলিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মোবাইল ফোনে তার ছেলের ডেঙ্গজ্বর বিষয় জানতে চাইলে তিনি জানান, ৩০ জুলাই লালমনিরহাট সদর হাসপাতালে আবারও ডেঙ্গুজ্বর পরীক্ষা করলে কিছুটা উন্নতি হয়েছে। নিজ বাড়িতে ছেলের চিকিৎসা নেওয়া হচ্ছে।
      
ইত্তেফাক/এমআই