পাবনার দুটি আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপির সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা পাবনা-৩ আসনের বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসান জাফির তুহিন ও পাবনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কর্মী-সমর্থক।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টানা প্রায় চার ঘণ্টা অবস্থান নেন তারা। এসময় নেতাকর্মীরা বলেন, আমাদের প্রার্থী অনেক ভোটে এগিয়ে থাকলেও কারচুপির মাধ্যমে ফলাফল উল্টো করে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করা হয়। যা একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা ছাড়া কিছুই না। আমরা চাই এই দুই আসনের ভোট পুনর্গণনার করা হোক।

এদিকে ৩ ও ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সঙ্গে কথা বললে তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনে পাঠানোর আশ্বাস দেন। আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ড. শাহেদ মোস্তফার পক্ষ থেকে সহকারী ভূমি অফিসার আব্দুল আলিম বলেন, পাবনার দুইটি আসনের প্রার্থীদের অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি