চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৮:৩৪

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মোজাম্মেল হক কালু (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বাররশিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

মামলার বরাত দিয়ে সরকারী আইনজীবী (অতিরিক্ত পিপি) আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২০ অক্টোবর ভোর ৫ টায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে টহল দল জেলার সদর উপজেলার বারশরিয়া গ্রামের মোজাম্মেল হক কালুর বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোজাম্মেল হক কালকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে ১ কেজি ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তৎকালীন এসআই মাজেদ আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

আরো পড়ুন: পদোন্নতি পেয়ে সচিব হলেন ৯ কর্মকর্তা

তিনি আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি মোজাম্মেল হক কালু মেম্বরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ (৪ আগস্ট) আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

ইত্তেফাক/বিএএফ