রাজশাহী মহানগরীতে দিনে দুপুরে ছিনতাইয়ের অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন- ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএ ২য় সেমিস্টারের ছাত্র নূর হোসেন শান্ত ও রাজশাহীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ট্রেডের ৩য় সেমিস্টারের ছাত্র কাফি।
পুলিশ জানায়, নূর হোসেন শান্ত মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ঝাউতলার খাইরুল ইসলামের ছেলে এবং কাফি রহমান মহানগরীর বোয়ালিয়া থানার বর্ণালী আমবাগান এলাকার আনিছুর রমানের ছেলে। শনিবার দুপুরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
মতিহার থানার ওসি হাফিজুর রহমান জানান, শনিবার দুপুর ২টার দিকে ছাব্বির রহমান নামে এক শিক্ষার্থী নগরীর মণ্ডলের মোড় থেকে এমআর ছাত্রাবাসে যাচ্ছিলেন। এ সময় পথে দুই যুবক হঠাৎ এসে তার গলায় চাকু ঠেকিয়ে গলির মধ্যে ধরে নিয়ে যায়। এরপর সেখানে ভয়ভীতি দেখিয়ে তার মানিব্যাগসহ দুই হাজার টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের কথোপকথনের জানতে পারে একজন শান্ত ও আরেকজন রাহী।
আরও পড়ুন : পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ, প্রাণ গেলো চালকের
এ ঘটনার পর মহানগরীর মতিহার থাকায় অভিযোগ করলে পুলিশ রাতে অভিযান চালিয়ে শান্ত ও কাফিকে আটক করে। রবিবার এ বিষয়ে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেছেন ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী ছাব্বির।
ইত্তেফাক/কেআই
