সহজেই রক্তের খোঁজ

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:০৪

আমাদের জরুরি ভিত্তিতে অনেক সময় রক্তের দরকার হয়। ল্যান্ডফোনের দিনগুলোতে বিটিভিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় মুমূর্ষূ রোগীর জন্য রক্ত চেয়ে দেওয়া হতো জরুরি বিজ্ঞাপন। সেসময় ব্লাডব্যাংক আর কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের ওপরই নির্ভর করতে হতো। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে রক্তদান ও রক্তের সন্ধান পাওয়া যায় সহজেই। তবে এতে সময় লেগে যায় অনেক। এখন রক্ত আরো সহজে পাওয়া যায় অ্যাপসের মাধ্যমে। তেমন কয়েকটি অ্যাপস নিয়েই

আজকের এই আয়োজন—

ব্লাডলাইন ২৪/৭

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাঈম মাহফুজ শাহীন তৈরি করেছেন এই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি ডোনার হিসেবেও রেজিস্ট্রেশন করতে পারবেন, আবার মেম্বার হিসেবেও জয়েন করতে পারবেন। ডোনার হিসেবে রেজিস্ট্রেশন করলে আপনাকে যে কেউ রক্তের জন্য ফোন দিতে পারবেন। মেম্বার হিসেবে জয়েন করলে আপনার মোবাইল নম্বর হিডেন থাকবে। কেউ যদি মিসইউজ করে নম্বরের সেক্ষেত্রে অ্যাডমিনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যাবে। রক্তের দরকার হলে আপনি এখানে বিস্তারিত পোস্ট দিতে পারবেন। আপনি পোস্ট দেওয়ার পরপরই ওই জেলার প্রয়োজনীয় রক্তের গ্রুপের ডোনারের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি পোস্ট ছাড়াও নির্দিষ্ট রক্তের গ্রুপের জন্য জেলা এবং ব্লাড গ্রুপ ওয়াইজ সার্চ করতে পারবেন।

সার্চ বোতামে চাপ দেওয়ার পর একটি তালিকা দেখা যাবে, কারা কারা ওই গ্রুপের রক্তদাতা আছেন। রক্তগ্রহীতা থেকে রক্ত দিতে ইচ্ছুক কে, কত দূরত্বে আছেন তাও জানা যাবে। এরপর নিবন্ধনকারীদের মধ্যে সবচেয়ে কাছে থাকা ব্যক্তিকে রিকোয়েস্ট বোতাম চেপে অনুরোধ জানানো যাবে রক্ত দেওয়ার জন্য। অনুরোধ পাওয়ার পর রক্ত দেওয়ার ইচ্ছে থাকলে দাতা ও গ্রহীতা যোগাযোগ করতে পারবেন। কারণ তখন নিজেদের মুঠোফোন নম্বর দেখার সুযোগ পাওয়া যাবে অ্যাপে। রক্ত দেওয়ার পর রক্তদাতা অ্যাপটিতে নিজেকে আন-অ্যাভেইলেবল করে দিলে ৪ মাস পর্যন্ত কেউ অনুরোধ জানাতে পারবেন না।

শাহীন বলেন, ‘দেশের যাঁরা নিজ ইচ্ছায় রক্ত দেন তাঁরা যেন এই অ্যাপে যুক্ত হন সেই আহ্বান জানাচ্ছি। প্লে-স্টোর থেকে বিনামূল্যে নামানো যাবে ব্লাডলাইন ২৪/৭ অ্যাপটি।’

 

 

ছারপোকা ব্লাড ব্যাংক

২০১৬ সালে ফেসবুকে ‘ছারপোকা ব্লাড ব্যাংক’ নামক একটি পেজের যাত্রা শুরু হয়। প্রায় ৩ বছরের দীর্ঘ পথচলা শেষে এবার তারা রক্তদান প্রক্রিয়াকে আরো সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে ব্লাড ব্যাংক অ্যাপ নিয়ে হাজির হয়েছে। তারা এই অ্যাপটির নাম দিয়েছে ‘ছারপোকা ব্লাড ব্যাংক’, যা কি-না বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত অ্যাপ। এখানে এমনকিছু ফিচার যুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের ব্লাড ব্যাংক অ্যাপসগুলোয় এর আগে কখনো ব্যবহূত হয়নি।

অ্যাপটির মাধ্যমে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনে খুব সহজেই রোগীর নিকটবর্তী এলাকার রক্তদাতাকে খুঁজে পাওয়া সম্ভব। একইসঙ্গে ডোনারের মোবাইল নম্বরও পাওয়া যাবে। যাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে যে কেউ এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ছারপোকার পরিচালক কাজী নিপু মনে করেন, এই ছারপোকা ব্লাড ব্যাংক দেশের ডোনারদের এক প্লাটফর্মে এনে দাঁড় করাতে পেরেছে।

 

আলো ব্লাড ডোনার

‘আলো ব্লাড ডোনার’ নামের একটি অ্যাপ চালু করেছে সেভ দ্য ফিউচার নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। অ্যাপটির বিশেষ সুবিধা হচ্ছে নিবন্ধিত রক্তদাতাদের খুঁজে পেতে সহজ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

অ্যাপটিতে সারাদেশের স্বেচ্ছাসেবকদের বিস্তারিত তথ্য দেওয়া আছে। অর্থাত্ যার জেলায় রক্তের প্রয়োজন হবে, অ্যাপের মাধ্যমে রক্তগ্রহীতারা সেই জেলায় সেভ দ্য ফিউচারের স্বেচ্ছাসেবকের মাধ্যমে যোগাযোগ করে কাঙ্ক্ষিত রক্তদাতার সন্ধান পাবেন। এছাড়াও সরাসরি অ্যাপ থেকে সার্চ করে যেকোনো গ্রুপের রক্তদাতা খুঁজে নেওয়া যাবে।

অ্যাপে যত বেশি রক্তদাতা নিবন্ধন করবে তত বেশি মানুষ উপকৃত হবে। তাই সব রক্তাদাতাকে আলো ব্লাড ডোনার অ্যাপে রক্তদাতা হিসেবে নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে সেভ দ্য ফিউচার।