চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে ‘ককটেল’ বিস্ফোরণে দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় ‘ককটেল বোমা’ তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারনামীয় আরও দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ মামলা দায়ের ও আরও দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চরবাগডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাছাড়া বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

নতুন করে গ্রেপ্তাররা হলেন, চরবাগডাঙ্গার ফাটাপাড়ার চান মোহাম্মদের ছেলে ইউসুফ (৪৫) ও গোঠাপাড়ার ফজর আলীর ছেলে শাকিল (৩৭)।

এর আগে বিস্ফোরণে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফাটাপাড়ার নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০), জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২) ও রানীহাটি উপরধুমি গ্রামের রফিজুল ইসলামের ছেলে শুভকে (২০) গ্রেপ্তার দেখানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, শনিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সদর মডেল থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

প্রসঙ্গত, শনিবার ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে ‘ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণ’ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নামে দুজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন।

ইত্তেফাক/এপি