চট্টগ্রাম অফিস
নগরীতে কোরবানির পশুর বাজারকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টি। এই চক্রের সদস্যরা চোখে মলম ছিটিয়ে এবং ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে টাকা-মোবাইল হাতিয়ে নেয়। গতকাল রবিবার নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কে বিজয়নগর এলাকা থেকে অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মানিক খাঁ (৩৩), মো. হালিম (৩৮) ও ফারুক হাওলাদার (৫২)।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্পল কান্তি বড়ুয়া জানান, কোরবানির বাজারে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে অজ্ঞান পার্টির সদস্যরা নগরীতে সক্রিয় হয়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের তিনজনকে আটক করেছি। এসময় তাদের কাছ থেকে ইনজেকশনের সিরিঞ্জভর্তি মলম ও কয়েক ধরনের ঘুমের ওষুধ জব্দ করা হয়েছে। আরও কয়েকজনের নাম পেয়েছি। তাদের আটকে অভিযান চলছে।
