খুলনা অফিস
খুলনায় একটি মাছের ঘের থেকে সগির উদ্দিন হাওলাদার নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার ঘোনামাদারডাঙ্গা গ্রামের একটি বিলের মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সগির দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ গ্রামের হাবিব হাওলাদারের ছেলে।
নিহত সগিরের আত্মীয় শামীম জানান, সগির ডুমুরিয়া উপজেলার ঘোনামাদারডাঙ্গা গ্রামে প্রায় আট বছর ধরে জমি লিজ নিয়ে মাছ চাষ করতেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তারা জানাতে পারেননি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, থানার শেষ প্রান্তে আড়ংঘাটা থানার কোল ঘেঁষে ঘোনামাদারডাঙ্গা গ্রামের বিলের একটি ঘেরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
