ইসির চেহারাটা উন্মোচিত হচ্ছে :রিজভী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, নির্বাচন কমিশন খোলস ভেঙে তাদের আওয়ামী চেহারাটা ততটাই উন্মোচিত করছে। নির্বাচনের আগেই সম্ভবত ক্ষমতাসীন দলের ‘বিজয়’ নিশ্চিত করতে নানা রকম কলা-কৌশল ফন্দি-ফিকির করছে কমিশন। এর একটি ড্রেস রিহার্সেল হয়ে গেল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিপুল সংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিলের মধ্য দিয়ে। আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরু হওয়া থেকে দুপুর ১২টা পর্যন্ত আওয়ামী ক্যাডাররা পরিকল্পিতভাবে গোলমাল করবে, এই সুযোগে আওয়ামীমনা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণ বন্ধ করে দিয়ে ভোট নিয়ে ফন্দি-ফিকির করবে। তবে আমরা বিশ্বাস করি-জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনে কাণ্ডজ্ঞান ও নৈতিক মানসম্পন্ন ব্যক্তিরা এখনও আছেন। আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না।

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিএনপির প্রার্থী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে গণহারে। আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করাই হয়নি। আওয়ামী লীগের ব্লু-প্রিন্টের কারিগর এইচ টি ইমাম যে তালিকা সিইসিকে দিয়েছে তাই বৈধ বলে প্রকাশ করেছেন বিভিন্ন জেলার রিটার্নিং অফিসাররা। এই এইচ টি ইমাম ‘৭৫ এ শেখ মুজিবুর রহমানের লাশ ডিঙ্গিয়ে খন্দকার মোশতাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন।

বিএনপি নেতা বলেন, ইসি নোটিশ দিচ্ছে নির্বাচনের আগে প্রার্থীদের পক্ষ থেকে পোলিং এজেন্টদের তালিকা তাদেরকে দিতে হবে। সেই তালিকা ধরে নতুন করে ধরপাকড় শুরু করার নীলনক্সা এটা। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরি করা হচ্ছে না। সাড়ে পাঁচ হাজার টাকার জন্য রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল করা হলেও এক কোটি টাকার ঋণখেলাপি হয়েও বৈধতা পেল আওয়ামী লীগ জোটের বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের আয়কর রিটার্নের নানাবিধ অসঙ্গতি থাকার পরও তার মনোনয়নপত্র বৈধ করেছে রিটার্নিং অফিসার। দুর্নীতি মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের সাজার তথ্য গোপন করেও মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন বরিশাল-৪ আসনে মহাজোট প্রার্থী। পত্র-পত্রিকায় এসেছে ম খা আলমগীর তার হলফনামায় স্থাবর-অস্থাবর সম্পদের কোনো হিসাবই দেননি। এছাড়াও তিনি ২০০৭ সালে ১৩ বছরের দণ্ডপ্রাপ্ত। তারপরও তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। ভোলা-৪ আসনে (চরফ্যাশন-মনপুরা) আওয়ামী লীগ দলীয় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভুয়া শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছেন মনোনয়নপত্রে। এ বিষয়ে রিটার্নিং অফিসারকে অবহিত করা হলেও তিনি সেটি আমলে নেননি।

রিজভী বলেন, জনগণের অধিকার নিয়ে এত জুলুম করার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী ইসি সচিব হেলালুদ্দীন। তিনি এসি ঘরে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকেও বাড়তি নিরাপত্তা দাবি করছেন, কিন্তু জনগণের নিরাপত্তার কথা কী একবার বিবেচনা করছেন? তিনি কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়া হলের নামফলক খুলে ফেলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।